Preloader

সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারের আশুলিয়ায় ছয়টি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে ‘অজানা রোগ’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কয়েক শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে আশুলিয়ার কাঠগড়া এলাকার ইলিয়াস জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রমিকরা জানান, বুধবার সকালে আশুলিয়ার লুসাকা গার্মেন্টস, অরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, অ্যালায়েন্স নিট লিমিটেড, মিলেনিয়াম টেক্সটাইল লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট লিমিটেড এবং চীনা মালিকানাধীন জিনতাই টু অ্যাপারেল গার্মেন্টসে হঠাৎ করেই শ্রমিকদের মধ্যে অসুস্থতার ঘটনা দেখা দেয়। একপর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ ও অস্বাভাবিক গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন।

তবে চিকিৎসকদের দাবি, এটি কোনো অজানা রোগ নয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, অতিরিক্ত গরম, কর্মপরিবেশ এবং আতঙ্কের কারণে শ্রমিকরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। আতঙ্ক থেকেই অনেক শ্রমিক অসুস্থতার উপসর্গ অনুভব করছেন।

এদিকে পরিস্থিতি বিবেচনায় লুসাকা গার্মেন্টস কর্তৃপক্ষ বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম জানান, ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানায় একই ধরনের আতঙ্কে শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটছে।