নিজস্ব প্রতিবেদক | ঢাকা ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এক হাজার পুড়িয়া হেরোইন, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। বুধবার (২ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে সাভার মডেল থানার ছায়াবিথী আমতলা এলাকায় অভিযান চালিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াইদ এলাকার মৃত খলিল উদ্দিনের ছেলে মোঃ জামাল হোসেনকে (৩৫) ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। অপর অভিযানে বুধবার (২ জুলাই) রাত পৌনে ১টার দিকে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার সদর উপজেলার লাড়পাড়া বাস টার্মিনাল এলাকার মোঃ ফাহিমুর রহমান ওরফে ফাহিমকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। এদিকে একই রাতে রাত দেড়টার দিকে আশুলিয়া থানার ধামসোনা এলাকায় অভিযান চালিয়ে যশোরের অভয়নগর উপজেলার নাউলী এলাকার সজল (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা এলাকার মোঃ রাজ্জাক আলীকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ফাহিমুর রহমানের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। Post navigation সাভারে মাদক সেবনের অভিযোগে ১০ জনের কারাদণ্ড আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক