Preloader

সাভার প্রতিনিধি :
ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযান চালিয়ে সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযানে হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পুরিয়া হেরোইন ও আরও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ৯টা ৫০ মিনিটে সাভার মডেল থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালান।

অভিযানে আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার শিহরাইল গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এ সময় তার কাছ থেকে ১৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

এদিকে একই রাতে রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়া থানার নবীনগর সেনা শপিং সেন্টারের পেছনের এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই মো. নাফিউল ইসলাম। অভিযানে উজ্জল (৫০) নামে আরেক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার হাঠাইল মধুপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় উজ্জলের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি এবং উজ্জলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।