সাভার প্রতিনিধি : ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় ইটের দেয়াল নির্মাণ করে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা ও নিজেকে বিএনপির সদস্য হিসেবে পরিচয়দানকারী মহিউদ্দিন খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে এলাকাবাসী একটি রাস্তা ব্যবহার করে আসলেও সম্প্রতি সেখানে ইটের দেয়াল নির্মাণ করে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ওই এলাকার অসংখ্য পরিবার প্রতিদিন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা ও সমাধানের চেষ্টা করা হলেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। বরং দেয়াল নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এখন বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যার ফলে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে প্রতিদিন। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের যানবাহন প্রবেশেও জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে জনসাধারণের ব্যবহৃত পথ বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট প্রশাসন, ভূমি কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত অবস্থা যাচাই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন খানের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী। Post navigation Hello world! আশুলিয়ায় ছয় কারখানায় ‘অজানা রোগ’ আতঙ্ক, অসুস্থ শতাধিক শ্রমিক